বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

কাবার সামনে selfie

আমার এক ফেইসবুক ফ্রেন্ড কাবার সামনে selfie (নিজের ছবি নিজে) তুলে আপলোড করেছে। সেই ছবিতে দেখলাম অনেক লাইক করে সমর্থনও জানিয়েছে। যেই ভাই ছবিটা আপলোড করেছে সে কিন্তু কোন বিদাতপন্থী দলের অনুসারী নয়, সহীহ আকিদাহর অনুসারী। আর যারা লাইক করেছে তাদেরও বেশিরভাগ সালাফী, আহলুল হাদীস মানহাজের অনুসারী কিংবা ডা. জাকির নায়েকের ভক্ত। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে, ডা. জাকির নায়েকের মতো জনপ্রিয় একজন ইসলামিক ব্যক্তিত্ব ইহরাম অবস্থাতে কাবার সামনে, রাসুলু্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কবরের সামনে selfie তুলে তার verified page publish করেন, তাহলে তার ভক্ত ও শ্রোতা সরলমনা মুসমানেরাও তাদের উস্তাদের মতোই একই কাজে লিপ্ত হবে। সত্যি কথা বলতেঃ অধিকাংশ মানুষ ইলম নয়, আবেগের অনুসারী হয়ে থাকে।
.
যাই হোক, বছর দুয়েক পূর্বে (সম্ভবত ২০১৪ সালে), সাউদী আরবের প্রখ্যাত আলেমে-দ্বীন ও মুফতি, আল্লামাহ সালিহ আল-ফাউজান হাফিজাহুল্লাহ মসজিদুল হারামে একজন লোককে selfie তুলতে দেখে তার সমালোচনা করে বলেন, এই লোকটি একজন criminal.
- অপ্রয়োজনে ছবি তোলা জায়েজ নয়। কাবাঘর ইবাদতের জায়গা, আল্লাহর নৈকট্য অর্জনের জায়গা। মসজিদুল হারামের মতো সম্মানিত ও আল্লাহর পছন্দের একটি স্থানে বেহুদা কাজ করে ইখলাস নষ্ট করা, নিজের আমলকে দূষিত করা মূর্খতা ছাড়া আর কিছুইনা। আধুনিকে যুগের টেকনোলজি আমাদের অনেক উপকারে আসছে, কিন্তু সেটা আমাদের অনেকের দ্বীনের মারাত্মক ক্ষতি করছে, যা আমরা টেরও পাচ্ছিনা। আল্লাহুল মুস্তাআন।
.
সালাফী, আহলুল হাদীস মানহাজের অনুসারী অনেক ভাইয়েরা মনে করেঃ আল্লামাহ মুহাম্মদ বিন সালেহ আল-উসায়মিন রাহিমাহুল্লাহ ব্যপকভাবে, যত্রতত্র ছবি তোলাকে জায়েজ বলে ফতোয়া দিয়েছেন। এটা ভুল ধারণা। আল্লামাহ মুহাম্মদ বিন সালেহ আল-উসায়মিন রাহিমাহুল্লাহ তাঁর ফতোয়ার মাঝে উল্লেখ করেছেনঃ
রাসুলু্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ঘরে ছবি রয়েছে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সহীহ বুখারী, পোশাক অধ্যায়। সুতরাং, স্মৃতি স্বরূপ কারও ছবি যত্ন করে রেখে দেওয়া জায়েয নয়। কাজেই, যার কাছে এ রকম ছবি রয়েছে, তার উচিৎ এগুলো নষ্ট করে দেয়া। চাই সেই ছবি দেয়ালে ঝুলন্ত থাকুক কিংবা এ্যালবামের ভিতরে সংরক্ষিত থাকুক অথবা অন্য কোন স্থানে থাকুক। কারণ ঘরের মধ্যে ছবি থাকলে ঘরের মালিক রহমতের ফেরেশতাদের প্রবেশ থেকে বঞ্চিত হবে।
ফতোয়া আরকানুল ইসলামঃ আকিদাহ অধ্যায়, ৮৫ নং প্রশ্নের উত্তর, পৃষ্ঠা-২২৬, তাওহীদ প্রকাশনী।
আল্লামাহ মুহাম্মদ বিন সালেহ আল-উসায়মিন রাহিমাহুল্লাহ আরো বলেছেন, স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে ছবি সংগ্রহ করা নিষিদ্ধ।
ফতোয়া আরকানুল ইসলামঃ আকিদাহ অধ্যায়, ৮৭ নং প্রশ্নের উত্তর, পৃষ্ঠা-২২৭, তাওহীদ প্রকাশনী।
.
সর্বশেষঃ আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, সুতরাং (হে নবী!), আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিন। (আমার সেই সমস্ত বান্দাদের জন্যে সুসংবাদ), যারা মনোযোগ সহকারে কথা শুনে, অতঃপর তার মাঝে যা উত্তম, তার অনুসরণ করে। আল্লাহ তাদেরকেই সৎপথ প্রদর্শন করেন, আর তারাই হচ্ছে সত্যিকারের বুদ্ধিমান। সুরা আয-যুমারঃ ১৭-১৮।
.

যেকোন অসংগত কমেন্ট বিনা নোটিশে remove করা হবে, জাযাক আল্লাহু খায়রান।

বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

তাক্বদীরের প্রতি বিশ্বাস নিয়ে অন্তর শীতলকারী সুন্দর ও শিক্ষণীয় কিছু কথা


তাক্বদীরের প্রতি বিশ্বাস নিয়ে অন্তর শীতলকারী সুন্দর ও শিক্ষণীয় কিছু কথা
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদীসে উল্লেখ আছে, আল্লাহ্ কাউকে সৃষ্টির প্রথম দিকেই ফেরেশতা পাঠিয়ে তার জন্যে চারটি বিষয় ফয়সালা করেন; তার হায়াত (জীবন), আমল (কাজ), রিজিক, সুখ অথবা অশান্তি। হ্যা, আল্লাহর ফয়সালা করা মানেই এই নয় যে, আল্লাহর বিশেষ ইচ্ছায় তা বদলাতে পারবেন না। আর রিজিক, হায়াত ও কাজ নির্ধারণ করে থাকলেও বন্দা রিজিক না খুঁজলে হেঁটে আসবেনা, কাজ না করলে হয়ে যাবেনা, গলায় ছুড়ি বসিয়ে দিলে, অথবা আগুনে ঝাপ দিলে হায়াত পূর্ণ হবেনা। সুতরাং, আল্লাহর ফয়সালা মানে এই নয় যে, বান্দাকে কিছুই করতে হবেনা। আবার এও নয় যে, কেউ ইচ্ছা করলেই ঐ ফয়সালার বাইরে যেতে পারবে। হ্যা, যদি আল্লাহ বিশেষ ইচ্ছায় অন্যথা ঘটাতে চান, তাহলে বান্দাহ পারে। এবং এমন করেও থাকেন। এমন কি বান্দা চেষ্টা করলে আর আল্লাহর ইচ্ছা হলে, তার জন্যে পূর্বে যে ফয়সালা নির্ধারিত ছিল, তাও বদলে যেতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহুল্লাহু মা ইয়া শাআ অয়া ইয়ুসবিত। অর্থাৎ, তিনি যা চান মুছে দেন, আর যা চান তা যেমন ছিল তেমনি রাখেন

তাকদীর না থাকলে অযোগ্য ও অপদার্থরা ধনবান হত না, নিরীহ প্রাণী খেতে পেতনা, অযোগ্যরা ক্ষমতায় বসতনা। চালাকরাই শুধু সব নিয়ে নিত, শিক্ষিতরাই টাকা পয়সার মালিক হত। আবার অনেক যোগ্য হয়েও অনেকের পেটের ভাত জোগা হয়না, এমনটা কখনো হতনা। সুতরাং, আল্লাহ সব কিছুর সীমানা নির্ধারণ করেছেন তাকদীরের মাধ্যমে বলেই সকলের স্বার্থ রক্ষা হচ্ছে এক অদৃশ্য উপায়ে। তাকদীরে বিশ্বাস না করলে যে কোন সময় আত্মহত্যা করার সম্ভাবনা রয়েছে। 

সুরা আ’সর

সুরা আসর
কুরআনুল কারীমের একটা নাম হচ্ছে যিকির, অর্থ হচ্ছেঃ উপদেশ। এ কথা আল্লাহ তালা কুরআনে অনেক আয়াতেই উল্লেখ করেছেন। যেমন, সুরা তাকভীরে আল্লাহ তায়া'লা বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল্লিল আলামীন 
অর্থঃ এই (কুরআন) তো জগতবাসীর জন্যে যিকির (উপদেশ) স্বরূপ। সুরা তাকভীরঃ ২৭।
এজন্যে একজন নেককার লোক বলেছেন, যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায়, সে যেন আল্লাহর কিতাব পাঠ করে
আজ আল্লাহর ইচ্ছা ও দয়ায় কুরআনুল কারীম থেকে ছোট্ট, কিন্তু অনেক ভারী উপদেশ রয়েছে এমন একটা সুরার বাংলা উচ্চারণ ও তর্জমা আমি আপনাদের সামনে পেশ করছি আমি আপনাদের সকলকে উসাহিত করবো, আরবী দেখে এই মহা উপদেশের সুরাটা আপনারা মুখস্থ করে নিন, এটা বেশি বেশি করে তেলাওয়াত করুন, এই সুরার অর্থ ও তাফসীর জানার ও বোঝার চেষ্টা করুন
সুরা আসর নিয়ে দুটি কথাঃ
(১) দুইজন সাহাবীর (আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট থাকুন) অভ্যাস ছিলো, তারা যখন তাদের পরস্পরের সাক্ষাত হতো, তখন একজন এই সুরাটি পড়তেন এবং অপরজন শুনতেন। তারপর সালাম বিনিময় করে বিদায় নিতেন
মাসয়ালাঃ আত্মীয় বা বন্ধুদের সাথে দেখা দেখা-সাক্ষাত হলে এই সুরা একজন আরেকজনকে পড়ে শোনানোর মাধ্যমে অন্যকে উপদেশ দেওয়া এবং নিজে উপদেশ গ্রহণ করা আমাদের জন্যে একটা উত্তম আমল
(২) ইমাম শাফেয়ী (আল্লাহ তার প্রতি রহম করুন) বলেছেন, মানুষ যদি এই একটি মাত্র সুরা নিয়ে চিন্তা-ভাবনা করে ও মনোযোগের সাথে পাঠ করে এবং তার অর্থ অনুধাবন করে, তাহলে তার হেদায়েতের জন্যে এই একটা মাত্র সুরাই যথেষ্ঠ হবে সুবহানাল্লাহ!
উপরের দুইটি কথার উস হচ্ছে তাফসীর ইবনে কাসীর, ১৮-তম খন্ড
সুরা আসর। মাক্কী সুরা। সুরা নং-১০৩, আয়াত সংখ্যা ৩। রুকু ১
উযুবিল্লাহিমিনাশ-শাইত্বানির রাযীম। বিসমিল্লাহ-হির-রাহমানির রাহী'
(১) ওয়াল আসরি
অর্থঃ কসম সময়ের
(২) ইন্নাল ইংসানা লাফী খুসরি
অর্থঃ নিশ্চয়ই মানুষ তো রয়েছে ক্ষতির মধ্যে
(৩) ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সোয়ালিহাতি
অর্থঃ কিন্তু (তারা ক্ষতিগ্রস্থ নয়) যারা ঈমান আনে ও নেক কাজ করে
ওয়াতা ওয়া সোয়াও বিল হাক্কি ওয়াতা ওয়া সোয়াও বিস সাবর।
অর্থঃ আর একজন আরেকজনকে সত্যের দিকে দাওয়াত দেয় এবং একজন আরেকজনকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়

বিঃদ্রঃ আমি বাংলা উচ্চারণ দিয়েছি যাতে করে যারা আরবী থেকে পড়তে পারেন না, তাদের সাহায্যের জন্যে। কিন্তু মনে রাখবেন, আরবীর উচ্চারণ বাংলাতে সঠিকভাবে লিখা যায়না, আর বাংলা উচ্চারণ দেখে পড়লে উচ্চারণ ভুল হয়ে অর্থের বিকৃতি হয়ে যায়। সেইজন্যে কুরআন আরবী দেখেই পড়তে হবে, কোথাও আটকে গেলে আবংলা উচ্চারণ দেখে সাহায্য নিতে পারেন, কিন্তু সরাসরি বাংলা উচ্চারণ দেখে পড়া যাবেনা। যারা আরবী পড়তে পারেন না, তাদের পুরুষেরা পুরুষদের কাছ থেকে এবং নারীরা নারীদের কাছ থেকে অথবা মাহরামদের কাছ থেকে শিখে নেবেন। আমাদের উম্মতের মাঝে এমন লক্ষ লক্ষ নারী ও পুরুষ দরকার, যারা নিজেদের অবসর সময়ে কোন টাকা পয়সা ছাড়াই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে মানুষকে আল্লাহর কিতাব পড়তে শিক্ষা দিবে। আল্লাহ আমাদেরকে তোওফিক দান করুন, আমিন

সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

মুহাম্মদ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম সর্বশেষ নবী

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ নবী
যুগে যুগে মানব জাতির হেদায়েত (সঠিক পথ) দেখানোর জন্যে আল্লাহ তাআলা অনেক নবী ও রাসুলদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তাঁদের সকলের প্রতি শান্তি বর্ষণ করুন। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে পাঠানোর মাধ্যমে, তাঁর উপরে শ্রেষ্ঠ আসমানী কিতাব কুরআনুল কারীম নাযিল করার মাধ্যমে নবুওতের এই সিলসিলা বন্ধ হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা আর কোন নবী বা রাসুল পাঠাবেন না। এটা ইসলামী আকিদাহর গুরুত্বপূর্ণ একটি দিক, যা অস্বীকার করলে বা যা সন্দেহ করলে কোন ব্যক্তির ঈমান নষ্ট হয়ে সে বেঈমান হয়ে যাবে।
আহলে সুন্নত ওয়াল জামাতের ইমাম, হানাফী মাযহাবের প্রখ্যাত আলেম আবু জাফর আত-ত্বাহাবী রাহিমাহুল্লাহ (মৃত্যু ৩২১ হিজরী) লিখেছেন, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নির্বাচিত বান্দা, মনোনীত নবী এবং সন্তোষপ্রাপ্ত রাসূল। তিনি নবীগণের মধ্যে সর্বশেষ নবী, মুত্তাক্বীদের ইমাম, রাসূলগণের নেতা এবং সৃষ্টিকুলের রব্বের হাবীব (বন্ধু)। আর তাঁর পরবর্তী যুগে নবুওয়াতের যে সব দাবী উত্থাপিত হয়েছে, তার সবগুলই ভ্রষ্টতা ও প্রবৃত্তির অনুসরণ তিনি সত্য, হিদায়াত, নূর ও জ্যোতিসহকারে সকল জিন ও সমস্ত মাখলুকের প্রতি প্রেরিত আকীদাহ আত-তাহাবীয়া।
এ কথার দলিলঃ
(১) আল্লাহ তাআলা বলেন,
مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَٰكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ ۗ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
অর্থঃ মুহাম্মাদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয়, বরং সে আল্লাহর রাসুল ও খাতামান-নাবিয়্যিন (সর্বশেষ নবী)। আর আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। সুরা আহজাবঃ ৪০।
আয়াতের তাফসীরঃ خَاتَمٌ মোহরকে বলা হয়। আর মোহর সর্বশেষ কর্মকে বলা হয়। (যেমন পত্রের শেষে মোহর মারা হয়।) অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে নবুত ও রিসালাতের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁর পর যে কেউ নবী হওয়ার দাবী করবে, সে নবী নয়; বরং মিথ্যুক ও দাজ্জাল বলে গণ্য হবে। উক্ত বিষয়ে হাদীস গ্রন্থসমূহে বিস্তারিত বর্ণনা করা হয়েছে এবং এ ব্যপারে উম্মতের সকলেই একমত। কিয়ামতের নিকটবর্তী সময়ে ঈসা লাইহিস সালাম-এর অবতরণ হবে, যা সহীহ ও সূত্রবহুল প্রসিদ্ধ বর্ণনা দ্বারা প্রমাণিত। তবে তিনি নবী হয়ে আসবেন না; বরং শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উম্মত হয়ে আসবেন। যার ফলে তাঁর অবতরণ হওয়া খাতমে নবুঅত-এর আকীদার সাথে সাংঘর্ষিক নয়।
(২) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছে, অচিরেই আমার উম্মতের মধ্যে ত্রিশ (৩০) জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, তারা প্রত্যেকেই নিজেকে নবী হওয়ার দাবি করবে। অথচ, আমিই হচ্ছি সর্বশেষ নবী। আমার পরে আর কোন নবী আসবেনা সহীহ মুসলিম, মুসনাদে আহমাদ।
প্রাসংগিক কিছু আলোচনাঃ
(১) ভারতের পাঞ্জাব প্রদেশে কাদিয়ান নামক একটি স্থানে জন্ম গ্রহণকারী মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী (১৮৩৫-১৯০৮) উনিশ শতকে প্রথমে নিজেকে ইমাম মাহদী বলে দাবী করে. . .আস্তে আস্তে শিরক ও কুফুরীতে উন্নতি করতে করতে এক পর্যায়ে সে নিজেকে নবী এবং পরবর্তীতে মাসীহ দাবী করে। সে মুখে মুখে নিজেকে মুসলমান দাবী করতো এবং কুরআনের প্রতি বিশ্বাস আছে বলে দাবী করতো। কিন্তু সে সুরা আহজাব-এর ৪০ নাম্বার আয়াতের ভুল ব্যখ্যা করে নিজেকে ইসলামের ছায়া নবী হিসেবে দাবী করে। তার প্রচারিত মতবাদকে তার জন্মস্থানের সাথে মিল রেখে কাদিয়ানী ধর্ম বলা হয়, অবশ্য তারা কখনো কখনো নিজেদেরকে আহমাদীয়া মুসলিম বলে পরিচয় দিয়ে থাকে। যাই হোক, মিথ্যা নবীর প্রতি ঈমান আনার কারণে আরব-অনারব সমস্ত মুসলিম আলেমদের মতে, কাদিয়ানীরা অমুসলিম এবং কাফের। এদের বানানো উপসনায়লয়ে মুসলিমদের জন্যে নামায পড়া জায়েজ নয়।
(২) ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোন ব্যক্তি যদি তার রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা বা কোন দেশের নেতাকে সম্মান ও ভক্তি জানাতে গিয়ে যদি বলে, তিনি আমাদের দেশের নবী, এমন কথা বললে সেই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। সে যদি মুসলিম থাকতে চায়, তাহলে তাকে পুনরায় কালেমা পড়ে ঈমান আনতে হবে। মুসলমান নামধারী কোন নারী বা পুরুষ যদি এমন কথা লাইক বা শেয়ার করে, তাহলে তারাও ঐ ব্যক্তির সমান বলে গণ্য হবে।
সর্বশেষঃ কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বে একের পর এক নিত্য-নতুন ফেতনা মুসলমানদেরকে গ্রাস করবে।  সে সময়ের কঠিন ফিতনাহ সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আঁধার রাতের অবিরাম খন্ডের মত কৃষ্ণ-কালো ফেতনা আবর্তিত হওয়ার পূর্বেই তোমরা দ্রুত নেক কাজে মনোনিবেশ কর। (এমন একটা সময় আসবে যখন) মানুষ সকাল বেলা মুমিন কিন্তু বিকেল বেলা সে হবে কাফের। আবার কেউ সন্ধ্যা বেলা মুমিন হবে তো সকাল বেলা হবে কাফের। দুনিয়াবি সামান্য স্বার্থের বিনিময়ে সে দ্বীনকে বিক্রি করে ফেলবে। সহীহ মুসলীম

সুতরাং, হে মুসলিম ভাই ও বোনেরা! আপনারা দ্বীন শিক্ষা করুন, নিজেদের ও নিজেদের পরিবারের মাঝে দ্বীনের চর্চা গড়ে তুলুন। আর কুফুরী, শিরক ও ফিতনাহ সম্পর্কে সজাগ থাকুন, অন্যদেরকেও সতর্ক করুন। আল্লাহ মুমিনদের অভিভাবক, আর ওয়াকীল হিসেবে আল্লাহই আমাদের জন্য যথেষ্ঠ। 

ডাক্তার, ইঞ্জিনিয়ার ফতোয়া দিতে পারেন না; ফতোয়া নিতে হয় আলেমদের কাছ থেকে

ডাক্তার, ইঞ্জিনিয়ার ফতোয়া দিতে পারেন না; ফতোয়া নিতে হয় আলেমদের কাছ থেকে (পর্ব-২)
গতকাল আমাদের পেইজে এ প্রসংগে একটা পোস্ট করা হয়েছিলো, পোস্টের লিংক
http://ansarus-sunnah.blogspot.com/2015/03/blog-post_56.html
সেই পোস্টে অনেকগুলো প্রশ্ন এসেছিলো। সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করা হলো, আশা করি আপনাদের উপকারে আসবে ইংশায়াল্লাহ। সময় ও সুযোগের অভাবে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হলোনা বলে দুঃখ প্রকাশ করছি। উল্লেখ্য, অনেকে অপ্রাসংগিক বা আমাদেরকে আক্রমন করে, অজ্ঞতাবশত কিছু অসংগত মন্তব্য করেছেন। আমাদের পেইজের নিয়ম অনুযায়ী সেই সমস্ত মন্তব্যের ব্যপারে কোন উত্তর প্রদান থেকে বিরত থাকা হয়েছে।   
.
প্রশ্নঃ কোন হাদীসে লিখা আছে যে, শুধুমাত্র আলেম বা মুফতিরাই ফতোয়া দিতে পারবে?
উত্তরঃ কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী বিষয়ে সমস্যার সমাধান দেওয়া, সময়ের সাথে সাথে মানব সমাজে উদ্ভুত নিত্য-নতুন প্রশ্নের উত্তর দেওয়া...এক কথা ফতোয়া দেওয়ার অধিকার শুধুমাত্র মুসলিম সমাজের যোগ্য ইসতেম্বাতকারী, জ্ঞানী ব্যক্তিদের, যাদেরকে আমরা প্রচলিত ভাষায় আলেম বা মুফতি বলে থাকি। এনিয়ে কুরআন ও হাদীসে অনেক বক্তব্য রয়েছে। নীচে দুইটি আয়াত ও তার তর্জমা ও তাফসীর উল্লেখ করা হলো।  
(১) আল্লাহ তাআলা বলেন,
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
উচ্চারণঃ ফাস-আলু আহলায-যিকরি ই কুতুম লা তাআলামুন।
অর্থঃ যদি তুমি না জানো, তাহলে আহলে যিকির (যারা জ্ঞানী/আলেম) তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নাও। সুরা আল-আম্বিয়াঃ ৭।
আয়াতের তাফসীরঃ এই আয়াতে কোন বিষয় জানা না থাকলে তা আলেমদের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য তাকীদ দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের জন্য অপরিহার্য; যা কেউ অস্বীকার করতে পারে না। সুতরাং এই আয়াতের অর্থ হল, আলেমদের সাহায্য নিয়ে শরীয়তের উক্তি ও বক্তব্য সম্পর্কে জেনে নাও। (আহসানুল বায়ান)
(২) আল্লাহ তাআলা আরো বলেছে,
وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ ۖ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَىٰ أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنْبِطُونَهُ مِنْهُمْ ۗ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا
অর্থঃ আল্লাহ তাআলা বলেছে, আর যখন তাদের নিকটে কোন শান্তি বা ভীতিজনক কোন সংবাদ আসে, তখন তারা সেটা রটনা করতে থাকে। কিন্তু তারা যদি এটা (না করে) সেই সংবাদ রাসুল কিংবা তাদের উলুল আমর (দায়িত্বশীলদের) প্রতি সমর্পণ করত, তাহলে তাদের মধ্যে যারা ইস্তেম্বাতকারী (তত্তানুসন্ধানীগন) তার প্রকৃত অবস্থা উপলব্ধি করতে পারত সুরা নিসাঃ ৮৩।
আয়াতের তাফসীরঃ তাবেয়ী বিদ্বান হযরত কাতাদাহ (রহঃ) থেকে বর্ণিত আলোচ্য আয়াতের ব্যাখায় তিনি বলেছেন, ই আয়াতে ইলা উলিল আমরি মিনহুম এর অর্থ হলঃ তারা যদি তাদের সম্মানিত আলেমদের নিকট বিষয়টি উত্থাপন করত, তাহলে যারা ইস্তেম্বাতকারি (তথ্য সম্বন্ধে গবেষণা করে) এবং তাদের গুরুত্ব দেয়, তারা সেই বিষয়টির সত্যতা যাচাই করতে পারত (তাফসিরে তাবারি, সুরা নিসা, আয়াত ৮৩-এর তাফসীর দ্রষ্টব্য)
উপরের দুইটি আয়াত থেকে স্পষ্টঃ দ্বীনি জ্ঞান অনুসন্ধানী সাধারণ মানুষদের জন্যে আল্লাহর আদেশ হচ্ছে, তারা ইস্তেম্বাতকারী বা আলেমদের নিকট থেকে দ্বীনি জ্ঞান অর্জন করবে, ফতোয়া জানার জন্যে নিজে নিজে কুরআন হাদীস গবেষণা করে মনগড়া উত্তর বের করবেনা, বা অল্প ইলম নিয়ে ফতোয়াবাজি করে বেড়াবেনা।
.
প্রশ্নঃ
মুফতী কাকে বলা হয়?
উত্তরঃ বিস্তারিত জানার জন্যে এই পোস্ট দেখুন -
http://ansarus-sunnah.blogspot.com/2016/06/blog-post.html.
.
প্রশ্নঃ আলেম বা মুফতিদেরকে না পেলে কাকে প্রশ্ন করবো?
উত্তরঃ যদিও আমাদের দেশে ব্যঙ্গের ছাতার মতো যত্র তত্র মুফতি টাইটেলধারী লোক দেখা যায়, কিন্তু প্রকৃত আলেম বা মুফতি আসলে খুব কমই হয়। আর রাসুলু্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীস অনুযায়ীঃ কেয়ামতের একটা লক্ষণ হচ্ছে আলেমদের মৃত্যুর মাধ্যমে আলেমদের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে, যা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, আলেমরা তাঁদের অর্জিত জ্ঞান তাঁদের ছাত্রদের মাঝে বিতরণ করে যান। সেই ছাত্ররা তাঁরা নিজেরা সেই মানের বড় আলেম না হলেও, তাঁরা আলেমদের কাছ থেকে দ্বীন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করে থাকেন। আমরা সাধারণ মানুষেরা আলেমদের কাছে পৌঁছতে না পারলে, আলেমদের ছাত্রদের মাঝে যারা নির্ভরযোগ্য, তাঁদেরকে প্রশ্ন করে আমাদের সমস্যার সমাধান নিতে পারি।
.
প্রশ্নঃ মুফতি সাহেবরা কি ইসলামের পেটেন্ট নিয়ে রেখেছেন যে, তাঁরা ছাড়া বাকী লোকেরা সঠিক কথা বলার অধিকার নেই?
উত্তরঃ সঠিক কথা বলার অধিকার বলতে আপনি কি বুঝাচ্ছেন? সঠিক কথা বলতে যদি বোঝানো হয় নিজে আলেম-উলামাদের কাছ থেকে ইসলাম শিখে, ইখলাসের সাথে মানুষের কাছে সেই ইলম পৌঁছে দেওয়া, অবশ্যই এটা করার অনুমতি আছে। যারা সত্যিকার অর্থেই দ্বীন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেছেন, তাঁদের উপর দাওয়াতের এই মহান কাজ করা ফরয। কিন্তু আপনি যদি ঠিক কথা বলার অধিকার বলতে বুঝান, ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা অর্জন না করেই নিজে নিজে ফতোয়া দেওয়া শুরু করা এটা হারাম, এমনকি কখনো সেটা কুফুরীর মতো জঘন্য কাজ হিসেবে বিচবেচিত হবে।
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি (বিশুদ্ধ) জ্ঞান ছাড়া ফতোয়া দেয় এর গুনাহ ফতোয়া দাতার ওপর হবে। আবু দাউদঃ ৩৬৫৭, হাদীসটি হাসান সহীহ, শায়খ আলবানী।
আন্দাজে বা অল্প ইলম নিয়ে হালালকে হারাম বলে ফতোয়া দেওয়া অথবা হারাম জিনসকে হালাল বলে ফতোয়া কুফুরী কাজ এবং এর দ্বারা আললাহর প্রতি মিথ্যারোপ করা হয়। আল্লাহ তাআলা কুরআনে কঠোরভাবে নিষেধ করেছেন, তোমরা জিহবা দিয়ে (মনগড়া ফতোয়াবাজি করে) বলোনা এইটা হালাল এইটা হারাম। এর শাস্তি অত্যন্ত ভয়াবহ, এমনকি এর দ্বারা কেউ দ্বীন থেকে খারেজ হয়ে কাফের হয়ে যেতে পারে (নাউযুবিল্লাহি মিং যালিক)।
.
প্রশ্নঃ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মতিউর রহমান মাদানী তারা ফতোয়া দিবার যোগ্য কিনা?
উত্তরঃ না, তাঁদের কেউই নিজস্ব ফতোয়া দেন না। তাঁরা হচ্ছেন আলেমদের ছাত্র, তাঁরা ফতোয়া দেওয়ার মতো যোগ্য মুফতি বা প্রকৃত আলেমদেরকে অনুসরণ করেন।
.
প্রশ্নঃ আলেম কে? একজন আলেমের কি কি যোগ্যতা থাকা চাই?
উত্তরঃ বিস্তারিত জানার জন্যে এই পোস্ট দেখুন

http://ansarus-sunnah.blogspot.com/2015/04/blog-post_16.html

রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

ফাতিমা রাদিয়াল্লাহু আ’নহা জান্নাতে নারীদের নেত্রী হবেন

ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতে নারীদের নেত্রী হবেন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মৃত্যুর সামান্য কয়দিন পূর্বের একটি ঘটনা। আয়িশাহ রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর স্ত্রীরা সকলেই তাঁর কাছে উপস্থিত ছিল এমন সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হেঁটে (আমাদের নিকট) এল। তার চাল-চলন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু লাইহি ওয়া সাল্লাম-এর চাল-চলনের মধ্যে কোন পার্থক্য ছিল না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে দেখে স্বাগত জানালেন এবং বললেন, আমার কন্যার আগমন শু হোক অতঃপর তিনি তাকে নিজের ডান অথবা বাম পাশে বসালেন। তারপর তিনি তাকে কানে কানে গোপনে কিছু কথা বললেন। এতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জোরেশোরে কাঁদতে আরম্ভ করলেন। সুতরাং তিনি (নবী সাঃ) তার অস্থিরতা দেখে পুনরায় তা কানে কানে কিছু কথা বললেন। ফলে (এবার) সে হাসতে লাগল। (আয়িশাহ বলেন) অতঃপর আমি ফাতেমাকে বললাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর স্ত্রীদের মাঝে (তাদেরকে বাদ দিয়ে) তোমাকে গোপনে কিছু বলার জন্য বেছে নেওয়া সত্ত্বেও তুমি কাঁদছ? তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন উঠে গেলেন, তখন আমি তাকে বললাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাকে কী বললেন? সে বলল, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর গোপন কথা প্রকাশ করব না
অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুবরণ করলে আমি ফাতেমাকে বললাম, তোমার প্রতি আমার অধিকার রয়েছে। তাই আমি তোমাকে কসম দিয়ে বলছি যে, তুমি আমাকে বল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাকে কী বলেছিলেন সে বলল, এখন বলতে কোন অসুবিধা নেই আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথমবারে কানাকানি করার সময় আমাকে সংবাদ দিয়েছিলেন যে, জিব্রাঈল আলাইহিস সালাম প্রত্যেক বছর একবার (অথবা দুবার) করে কুরআন তেলাওয়াত করে শোনান। কিন্তু এবছর তিনি আমাকে দুবার শুনালেন। সুতরাং আমি বুঝতে পারছি যে, আমার মৃত্যু খুব কাছে চলে আসছে। সুতরাং তুমি (হে ফাতেমা!) আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। কেননা, আমি তোমার জন্য উত্তম অগ্রগামী সুতরাং আমি (এ কথা শুনে) কেঁদে ফেললাম, যা তুমি দেখলে। অতঃপর তিনি আমার অস্থিরতা দেখে দ্বিতীয়বার কানে কানে বললেন, হে ফাতেমা! তুমি কি এটা পছন্দ কর না যে, তুমি মুমিন নারীদের সর্দার হবে অথবা এই উম্মতের নারীদের সর্দার হবে? সুতরাং (এমন সুসংবাদ শুনে) আমি হাসলাম, যা তুমি দেখলে
উৎসঃ হাদীসটি সহীহ বুখারীতে বর্ণিত হয়েছে, হাদীসের শব্দাগুলো সহীহ মুসলিম থেকে নেওয়া। সহীহুল বুখারীঃ ৩৬২৪, ৩৬২৬, সহীহুল মুসলিমঃ ২৪৫০, সুনানে তিরমিযী ৩৮৭২, সুনানে ইবনু মাজাহ ১৬২১, মুসনাদে আহমাদ ২৩৯৬২, ২৫৫০১।